২ মার্চ ২০১৬ - ০০:৫২
৮ ডাচ সহযোদ্ধাকে হত্যা করল দায়েশ

পলায়ন ও বিদ্রোহের অভিযোগে আইএসআইএল (দায়েশ) দলের ৮ ডাচ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

আবনা ডেস্ক: পলায়ন ও বিদ্রোহের অভিযোগে আইএসআইএল (দায়েশ) দলের ৮ ডাচ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
সোমবার একটি মানবাধিকার সংগঠন এ তথ্য জানিয়েছে।
শুক্রবার সিরিয়ার রাকা প্রদেশের মাদানে এই ৮ ডাচ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। নাগরিক সাংবাদিকের সংগঠন 'রাকা ইজ বিইং স্লটারড সাইলেন্টলি’ (আরবিএসএস)-এর সদস্য আবু মোহাম্মদ এ খবর জানিয়েছেন।
আরবিএসএস জানায়, ৭৫ জন ডাচ জঙ্গি-যাদের বেশিরভাগই মরক্কো বংশোদ্ভূত এবং ইরাক থেকে আগত আইএসআইএলের গোয়েন্দাদের মধ্যে গত এক মাস ধরে উত্তেজনা বিরাজ করছিল।
তিন ডাচ জঙ্গিকে পালিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার করে আইএসআইএল সদস্যরা। এদের একজনকে জিজ্ঞাসাবাদের সময় পিটিয়ে হত্যা করা হয়।
ডাচ জঙ্গিদের সাথে গোয়েন্দাদের বিরোধ নিরসনের জন্য আইএসআইএলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল। কিন্তু তা ফলপ্রসূ না হওয়ায় ইরাকি আইএসআইএলের নেতৃত্বে সব ডাচ জঙ্গিকে সিরিয়ার তাবাকা ও মাদানে বন্দী রাখার নির্দেশ দেওয়া হয়।
এরপর থেকে আট ডাচ জঙ্গিকে হত্যা করা হয় বলে জানায় আরবিএসএস।#